সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মাসদুয়েকের মধ্যে আসতে পারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বাকি সব অঙ্গসংগঠনের নতুন নেতৃত্বের ঘোষণা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি ঘোষিত হয়েছে ২০২২ সালে। এর সভাপতি এস এম জিলানী সভাপতি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান দুজনই সংসদ সদস্য হয়েছেন। এরপর থেকে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত ৩ বছর। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গেল বছরের সেপ্টেম্বরে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আসন্ন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, আব্দুর রহিম হাওলাদার সেতু, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামানের নাম।
এছাড়া কাজী আব্দুল্লাহ আল মামুন, এম জি মাসুম রাসেল, নজরুল ইসলাম নোমান, শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নামও আলোচনায় রয়েছে। তবে আলোচনার প্রথমদিকেই রয়েছে রবিন, নাজমুল, তুহিন, কাজী মোখতার ও জুয়েলের নাম।


